রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তার জামিনের আদেশ দেন।
বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানা থেকে হিরো আলমকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তারপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। সেখান থেকে তাকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সিএমএম আদালতের ৯ তলার এজলাসে ওঠানো হয়।
হিরো আলমের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষ জিয়াউর রহমান, অভিজিৎ মজুমদার এই জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ২০০ টাকায় মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করে।
এর আগে, শনিবার দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
Channel 17 | চ্যানেল ১৭


